সরকারি যেকোনো উন্নয়ন ও রাস্তার কাজে দুর্নীতি, নিম্নমানের সামগ্রী ব্যবহার বা কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, ‘সরকারের বরাদ্দকৃত প্রতিটি প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। জনগণের অর্থের অপচয় বা কাজে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। এমনকি নিজ দলের কেউ যদি অনিয়মের সাথে জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।’
শনিবার (১৬ মে) দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে স্থানীয় প্রকৌশল বিভাগের কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘সরকারি অর্থায়নে গ্রামীণ ও পৌর এলাকার রাস্তাঘাট নির্মাণে কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি দ্রুত তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জনগণের প্রকৃত কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন করার জন্য তিনি প্রকৌশলী ও ঠিকাদারদের প্রতি আহ্বান জানান।
বর্তমান সরকারের উন্নয়ন ও জনকল্যাণমুখী কার্যক্রমের কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, ‘বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। নির্বাচনের আগে জনগণের সামনে আমরা যেসব ওয়াদা করেছিলাম, সেগুলো পূরণের লক্ষ্যে পর্যায়ক্রমে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন দৃশ্যমান উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে।’
সবার সার্বিক সহযোগিতায় বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলাকে একটি আধুনিক এবং আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশ্বনাথ উপজেলা ও পৌর প্রকৌশল দপ্তর এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের সাথে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ লুৎফর রহমান, নবাগত উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান, পৌর সহকারী প্রকৌশলী মনির উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
সভায় উপস্থিত প্রকৌশলী ও ঠিকাদারবৃন্দ উপজেলার চলমান কাজসহ আগামী দিনের সকল উন্নয়ন কাজ সুচারুভাবে এবং সময়মতো সম্পন্ন করার বিষয়ে সংসদ সদস্যকে আশ্বস্ত করেন।






