সিলেটের ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮, ৬ জনের পরিচয় শনাক্ত

Ayas-ali-Advertise
ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮।
ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই নির্মাণশ্রমিক ও পিকআপ শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণশ্রমিক সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।

পরে গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজনের মৃত্যু হয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহত ৮ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফখরুল আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেঁততি গ্রামের বসির মিয়ার মেয়ে মোছা. মুন্নি (২৬), ভাটিপাড়া নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫), ধর্মপাশা উপজেলার সরিবা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা এলাকার সুরত আলীর ছেলে মো. বদরুল জামান (৪০) এবং একই উপজেলার শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস (২০)। বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০), একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)। এছাড়া রহিম (৬০) নামের আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় নুরজাহান হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মো. মনজুরুল আলম। তিনি জানান, ডিআই পিকআপে করে শ্রমিকরা সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আর কাঁঠালবাহী ট্রাক ওই পথ দিয়ে আসতে গিয়ে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপের দুই চালক পালিয়ে যান। তবে ট্রাকের হেল্পারকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪