বিশ্বনাথে মসজিদের মোতাওয়াল্লীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে প্রবাসীর দান করা টিউবওয়েল থেকে অসহায় পরিবারকে পানি পানে বাধা প্রদান এবং মসজিদের মোতাওয়াল্লীসহ গ্রামবাসির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর চ্যারিটি গ্রুপ ও সোনাপুর গ্রামবাসির আয়োজনে স্থানীয় গোলচন্দ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্র জানায়, সোনাপুর চ্যারিটি গ্রুপের এডমিন, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান সোনাপুর গ্রামের ৬টি অসহায় পরিবারের জন্য একটি ডিপ টিউবওয়েল দান করেন। তাদের অভিযোগ, একই গ্রামের আব্দুল জালাল ওই অসহায় পরিবারগুলোকে টিউবওয়েল থেকে পানি সংগ্রহে বাধা প্রদান করেন। শুধু তাই নয়, এই ঘটনার প্রতিবাদ করায় তিনি সোনাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আতাউর রহমানসহ গ্রামের নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

সোনাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আতাউর রহমানের সভাপতিত্বে চ্যারিটি গ্রুপের সদস্য এখলাছ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করে বলেন, ‘আব্দুল জালাল মাদক ও চোরাচালানের সাথে সম্পৃক্ত। তার অপকর্মে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ। তিনি সামাজিক কোনো নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কা করেন না।’

​বক্তারা আরও বলেন, ডিপ টিউবওয়েলের মতো একটি মানবিক কাজে বাধা দিয়ে আব্দুল জালাল তার হীন মানসিকতার পরিচয় দিয়েছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাপুর জামে মসজিদের সহসভাপতি খলিলুর রহমান, এলাকার মুরুব্বী নিজাম উদ্দিন ভাসানী, মাসুক মিয়া, সৈয়দ শফিক মিয়া, ফয়ছল আহমদ, জহিরুল ইসলাম ও ইকবাল হোসেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তৈমুছ আলী, ময়না মিয়া, আব্দুর রহিম, সেবুল মিয়া, আব্দুস শুকুর, শহিদ মিয়া, নিপুন রায়, মছলম করিম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪