ডিবি পরিচয়ে বিশ্বনাথে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ডিবি পরিচয় দিয়ে সিলেটের বিশ্বনাথে গরু ব্যবসায়ী ফখরু মিয়ার ৫০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয় এক ব্যক্তি।

রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিশ্বনাথ পুরান বাজারের কলাহাটায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফখরু মিয়া বিশ্বনাথ পৌরসভার ভোগশাইল গ্রামের বাসিন্দা।

ফখরু মিয়া জানান, আজ বিকেলে গরু কেনার জন্য ৬১ হাজার টাকা নিয়ে বাজারে আসি। হঠাৎ এক ব্যক্তি আমার সামনে এসে ডিবি পরিচয় দেয় এবং একটি কার্ড দেখায়। এ সময় আমার শরীর তল্লাশি করে। আমার কোমরে লুঙ্গির ভাঁজে রাখা নগদ ৫০ হাজার টাকার বান্ডিলে হাত দিলে আমি কিছু বলতে পারিনি।

কিছুক্ষণ পর ওই ব্যক্তি চলে গেলে আমি বুঝতে পারি, সে আমার ৫০ হাজার টাকার বান্ডিল নিয়ে গেছে।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বোঝা যায় এটি একটি প্রতারণা। আমরা তাকে চিহ্নিত করেছি। গ্রেফতারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪