সিলেটের বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে একটি চুরির মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে বিশ্বনাথ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন পৌরসভার সুইচ গেইট এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় বসবাসকারী মৃত আজিজুর রহমানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানার মামলা নং-২, তারিখ ০৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৭৯/৪১১-এর এজাহারভুক্ত পলাতক আসামী বুরহান উদ্দিন আল আমিন (২৫) কে গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হক জানান, গ্রেফতারকৃত আল আমিন বিশ্বনাথ এলাকার বিভিন্ন মসজিদ ও মাজারে চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে পানির মটরের পাম্প ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





