সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্যের বার্মিংহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মুজিবুর রহমান চৌধুরী।
শনিবার (৪ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে পৌর শহরের বিশ্বনাথ সরকারি কলেজ রোডের একটি পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসা-বাণিজ্য করে সেখানে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি মহান আল্লাহর দয়ায় সন্তানদের সুশিক্ষিত করতে পেরেছি। বর্তমানে তারাও স্ব-স্ব অবস্থানে প্রতিষ্ঠিত। এখন আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। তাই আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে নিয়ে বিশ্বনাথবাসীর জন্য কাজ করতে চাই। এ জন্য সর্বপ্রথম প্রয়োজন জাতির বিবেক সাংবাদিকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা।
নিজেকে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর একনিষ্ঠ কর্মী দাবি করে তিনি বলেন, সিলেট-২ আসনের সাবেক এমপি জননেতা এম. ইলিয়াস আলী এ এলাকার যে উন্নয়ন করেছিলেন, তার পর আর কেউ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। আমি তার একজন কর্মী হিসেবে আবারও বিশ্বনাথবাসীকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই। ইতোমধ্যে আমি তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি জানিয়েছি। তারাও আমাকে এলাকায় কাজ করে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। আল্লাহর রহমতে আমি শতভাগ আশাবাদী যে দলীয় মনোনয়ন পাব।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আমি দৌলতপুর ইউনিয়নের পুরাণ হাবড়া বাজারে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মাণ করেছি। এছাড়া যুক্তরাজ্যেও একটি মসজিদ নির্মাণের জন্য প্রায় ১ কোটি টাকা ব্যয়ে জমি ক্রয় করেছি। পাশাপাশি বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছি। কারণ গরিবরাই আমার প্রকৃত বন্ধু। বিশ্বনাথের সন্তান হিসেবে উপজেলার মানুষ আমার আপনজন।
তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে প্রতিটি প্রকল্পে সরকারি বরাদ্দের শতভাগ অর্থের কাজ নিশ্চিত করা হবে—এ ব্যাপারে আমি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে উন্নয়নমূলক কাজে নিজের অর্থও ব্যয় করব। আল্লাহর দয়ায় আমার যে আয় আছে, তা মানুষের কল্যাণে ব্যয় করলে কমবে না।
এ সময় মতবিনিময় সভায় বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রার্থীর আত্মীয় আব্দুর রউফ ও মো. শফিকও উপস্থিত ছিলেন।






