পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম।
তিনি যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিএনপির যুগ্ম সম্পাদক, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশ্বনাথ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)’র বিশ্বনাথ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে তিনি বিশ্বনাথের তিনটি সাংবাদিক সংগঠনের মোট ৪২ জন সদস্যের কাছে ঈদ উপহার পৌঁছে দেন। এর মধ্যে বিশ্বনাথ প্রেসক্লাবের ১৯ জন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ১৪ জন এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের ৯ জন সদস্য রয়েছেন। সংশ্লিষ্ট সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে সাংবাদিকদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
এ বিষয়ে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়ে শাহ আবুল কালাম বলেন, ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পবিত্র রমজানের শিক্ষা ধারণ করে সবাই যেন সুন্দর ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।





