সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে সরাসরি সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই এবং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





