সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রয়াগমহল গ্রামে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। সামাজিক সংগঠন ‘সিডস অফ সাদাকাহ’–এর উদ্যোগে স্থাপিত এ নলকূপ থেকে প্রায় ৩০টি পরিবার সরাসরি উপকৃত হবে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নলকূপটির উদ্বোধন করেন আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলকূপের উদ্বোধন করেন এবং এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন সাদী, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বখতিয়ার আহমেদ, সমাজসেবী আলা উদ্দিন আলাই, নূরুল ইসলাম, আব্দুল হান্নান এবং জমির আলী।
নতুন এই গভীর নলকূপের মাধ্যমে বিশুদ্ধ পানির সুবিধা পেয়ে উপকারভোগী পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





