পোড়া তেলে ইফতার তৈরি: সিলেটে ফিজার শাখাকে মোটা অঙ্কের জরিমানা

Ayas-ali-Advertise
পোড়া তেলে ইফতার তৈরি: সিলেটে ফিজার শাখাকে মোটা অঙ্কের জরিমানা
ছবি: সংগৃহীত।
পোড়া তেলে ইফতার তৈরি: সিলেটে ফিজার শাখাকে মোটা অঙ্কের জরিমানা
ছবি: সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে রমজানকে ঘিরে নিরীহ রোজাদার গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ যেন থামছেই না। এবার পোড়া তেল ব্যবহার করে ইফতার সামগ্রী তৈরির দায়ে জরিমানার মুখে পড়েছে অভিজাত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা-এর সুবিদবাজার শাখা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে সুবিদবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ ও র‌্যাব-৯-এর সদস্যরা।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে বিভিন্ন দোকান ও শোরুমে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ফিজার সুবিদবাজার শাখায় অভিযান চালিয়ে পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, রমজান মাসজুড়ে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি রমজানের শুরু থেকেই বিভিন্ন অভিজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠে আসছে। আভিজাত্যের আড়ালে ভেজাল ও অসাধু চর্চা বন্ধে কঠোর নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪