সিলেটে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি স্পষ্ট করে বলেছেন, আধ্যাত্মিক নগরী সিলেটে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না; ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করবেন এবং শান্তিপূর্ণভাবে জীবন-যাপন করবেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালদিঘীরপাড় হকার্স মার্কেট এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে চান, তাদের কাছে কেউ চাঁদা দাবি করছে কি না। ব্যবসায়ীরা চাঁদার অভিযোগ অস্বীকার করলে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কেউ চাঁদা দাবি করলে বা এ ধরনের অপচেষ্টা করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে।
তিনি বলেন, কেউ যদি চাঁদা চাইতে আসে, তাকে আটকে রেখে প্রশাসনকে খবর দিতে পারেন। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে র্যাব-৯ এর সদস্যরা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের কর্মকর্তারা এবং সিলেট সিটি করপোরেশন-এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।








