আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের ভুলের সুযোগ নেই। জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করতে চাইবেন, তিনিই নির্বাচিত হবেন—এর বাইরে অন্য কিছুর কোনো সুযোগ নেই। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। তবে দায়িত্ব পালনে যেন কারও বিরুদ্ধে কোনো প্রশ্ন ওঠে, সে বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বনাথ ক্যাম্পের কমান্ডার মেজর ইনতিসার শামসাদ এবং সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার।





