ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান এবং প্রবাসীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে ধারাবাহিক ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ প্রবীণ লেখক ও সাংবাদিক, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রহমত আলীকে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ প্রদান করা হচ্ছে।
আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হবে। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও কয়েকজন প্রবাসীকেও সম্মানিত করা হবে।
সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ সাংবাদিক মো. রহমত আলীকে এ সম্মাননা প্রাপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক সংগঠনে দীর্ঘদিন ধরে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন মো. রহমত আলী। তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (ইউকে শাখা)-এর প্রেসিডেন্ট, দর্পণ বুক লন্ডনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং দর্পণ টিভি ইউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ও সিলেট হার্ট ফাউন্ডেশনের ট্রাস্টি, বিশ্বনাথ ওয়ান পাউন্ড হাসপাতালের ফাউন্ডার ডোনার মেম্বার, আর এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান। পাশাপাশি তিনি বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।





