দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে বাজারে এসেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিকভাবে নোটটি মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে ধাপে ধাপে অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে।
নতুন নোট প্রচলনের সঙ্গে সঙ্গে জাল নোট ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য আগেই জেনে রাখা প্রয়োজন নতুন ৫০০ টাকার নোটের বৈশিষ্ট্য ও নিরাপত্তা চিহ্নগুলো।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের কার্যক্রম চলছে। এরমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ইতোমধ্যে বাজারে এসেছে।
নতুন ৫০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য—আসল নোট চিনবেন যেভাবে
১। নোটের ডান দিকের ওপরের কোণে থাকা ‘৫০০’ সংখ্যা অপটিক্যালি ভ্যারিয়েবল কালিতে মুদ্রিত। নোটটি কাত করলে রং সবুজ থেকে নীল হয়ে যায় এবং ভেতরে তির্যক ‘৫০০’ দেখা যায়।
২। এতে রয়েছে ৪ মিমি চওড়া টুইস্টেড সিকিউরিটি থ্রেড, যাতে লাল ও উজ্জ্বল সোনালি রঙের সমন্বয় রয়েছে। নোট কাত করলে লাল অংশ সবুজে রূপ নেয় (যেখানে দেখা যায় Taka ৫০০) এবং সোনালি অংশে চলমান রেইনবো বার দেখা যায়।
৩। নোটের নিচের সবুজ বর্ডারের নকশায় লুকানো ‘৫০০’ সংখ্যাটি শুধুমাত্র অনুভূমিকভাবে ধরলে দৃশ্যমান হয়।
৪। গভর্নরের স্বাক্ষরের পাশে থাকা সি-থ্রু ‘৫০০’ সংখ্যাটি আলোয় ধরলে স্পষ্ট দেখা যায়।
৫। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ডানদিকের নিচে ৫টি উঁচু ডট যুক্ত করা হয়েছে।
৬। শহীদ মিনার, ব্যাংকের নাম, তির্যক লাইন এবং সুপ্রিম কোর্টের ছবিসহ গুরুত্বপূর্ণ অংশগুলো রাফ ইনট্যালিও মুদ্রণে তৈরি, যা স্পর্শে বোঝা যায়।
৭। নোটের দুই পাশে ইউভি কিউরিং ভার্নিশ ব্যবহার করা হয়েছে, যা নোটকে বেশি টেকসই ও চকচকে করে।
৮। ইউভি ডিটেক্টরে ধরলে নোটে থাকা শাপলা ফুলের ছবি মেজেন্ডা রঙে জ্বলে ওঠে।
৯। একই ডিটেক্টরে কাগজে মিশে থাকা লাল, নীল ও সবুজ তন্তুও দেখা যায়।
১০। নোটের বিভিন্ন স্থানে মাইক্রো প্রিন্টিংয়ে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে, যা শুধু লেন্সের সাহায্যে দেখা সম্ভব।
নতুন ৫০০ টাকার নোটটি বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের অংশ। এই সিরিজে এর আগে ১০০০, ১০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে।









