সিলেটে পানির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

Ayas-ali-Advertise
সিলেটে পানির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
ছবি: সংগৃহীত।
সিলেটে পানির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
ছবি: সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেট নগরের বারুতখানা এলাকায় টানা এক মাসেরও বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। এ নিয়ে চরম ভোগান্তির শিকার হয়ে বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা বারুতখানা-বন্দরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীরাও দুর্ভোগে পড়েন।

বাসিন্দারা জানান, প্রতিদিনের প্রয়োজনীয় কাজে পানির অভাবে দারুণ সমস্যায় পড়তে হচ্ছে। পানীয় জল, রান্না ও দৈনন্দিন ব্যবহারের জন্য তাঁদের বাধ্য হয়ে বাইরে থেকে পানি কিনতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. হোসেন বলেন, ‘এক মাস ধরে পানি নেই। এ অবস্থায় পরিবারগুলো চরম কষ্টে দিন পার করছে। বারবার জানানো হলেও কোনো সমাধান আসেনি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।’

অন্য এক বাসিন্দা নাজনীন আক্তার বলেন, ‘প্রতিদিন পানির জন্য গড়ে ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হচ্ছে। অথচ করপোরেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে আমরা প্রতিবাদে অংশ নিয়েছি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পানি) আবদুস সোবহান বলেন, এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলতে হবে।

ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর জানান, এলাকাটির অধিকাংশ পাইপ পুরোনো ও লোহার হওয়ায় জং ধরে সমস্যা সৃষ্টি হয়েছে। তাছাড়া লোডশেডিং ও কম ভোল্টেজের কারণে নিয়মিত পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ‘এলাকার বেশিরভাগ বাসায় আলাদা রিজার্ভার নেই। সরাসরি পাম্প দিয়ে পানি তোলা হয়, যা নিয়মবহির্ভূত। এছাড়া সিটি করপোরেশনের চারটি ট্যাংকের মধ্যে একটি অচল হয়ে আছে। বাকি তিনটির মাধ্যমে সরবরাহ করা হলেও ঘাটতি রয়ে গেছে। এরপরও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অতিরিক্ত সময় পানি দেওয়ার চেষ্টা চলছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪