সিলেটের বিশ্বনাথ উপজেলার মাছুখালী বাজারে নির্মিত একটি পাবলিক টয়লেট পরিবেশদূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তুলে তা স্থানান্তরের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক ও স্বেচ্ছাসেবী মোঃ রহমত আলী।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্বনাথ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কাছে দাখিল করা লিখিত অভিযোগে তিনি উল্লেখ্য করেন, মাছুখালী বাজারে ‘আর এ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনার পাশাপাশি স্থানীয় গণপাঠাগার ও সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। কিন্তু ওই প্রতিষ্ঠানের পাশেই নির্মিত পাবলিক টয়লেটটি বর্তমানে মারাত্মকভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।
লিখিত অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, ‘হাওর অঞ্চলে টেকসই পানি, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যে পাবলিক ল্যাট্রিন নির্মাণ করে, সেটি বর্তমানে বাজারের প্রবেশপথে দুর্গন্ধ ও নোংরা পরিবেশ সৃষ্টি করছে। এর ফলে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও পথচারীরা ভোগান্তিতে পড়ছেন।
অভিযোগে আরও বলা হয়, টয়লেটটি পূর্বে বাজারের পশ্চিম পাশে একটি নিরাপদ স্থানে স্থাপিত ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সেটি জনবহুল এলাকায় স্থানান্তর করা হয়, যা সম্পূর্ণ অযৌক্তিক ও পরিবেশবিরোধী।
এ বিষয়ে এর আগে স্থানীয় তিন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখাস্ত করলে সরেজমিন তদন্তে পরিবেশদূষণের সত্যতাও পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গণহারে ব্যবহারের ফলে টয়লেটটি অপরিচ্ছন্ন হয়ে পড়েছে এবং এর চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমনকি বাজারসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মসজিদের স্বাভাবিক পরিবেশেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
এছাড়াও, সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে ল্যাট্রিন স্থাপন করে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এ অবস্থায় জনস্বার্থে টয়লেটটি আগের নিরাপদ স্থানে পুনঃস্থাপনের জন্য বিশ্বনাথ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী সাংবাদিক মোঃ রহমত আলী।
আরোও পড়ুন:: বিশ্বনাথে দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের তালামীযের সংবর্ধনা






