২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চলতি বছর কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এ তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে?
বৃত্তি পরীক্ষা চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—
১. বাংলা
২. ইংরেজি
৩. প্রাথমিক গণিত
৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান।
নম্বর বণ্টন কেমন থাকবে?
মোট ৪০০ নম্বরের পরীক্ষায় প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত থাকবে ১০০ নম্বর করে। বিশেষভাবে, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান দুটি বিষয় একত্রে ১০০ নম্বর হিসেবে বিবেচিত হবে— প্রতিটি ৫০ নম্বর করে।
নম্বর বণ্টন:
বাংলা: ১০০
ইংরেজি: ১০০
প্রাথমিক গণিত: ১০০
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান: ৫০+৫০ = ১০০
পরীক্ষার সময়সীমা কত?
প্রত্যেক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ঘণ্টা ৩০ মিনিট করে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা করে এ সময় বরাদ্দ থাকবে।
কোন শিক্ষার্থীরা অংশ নিতে পারবে?
এ পরীক্ষায় অংশ নিতে পারবে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের এ পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
অংশগ্রহণকারীদের নির্বাচন কীভাবে হবে?
বর্তমানে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। একেকটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থীকে বাছাই করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুন:: সুনামগঞ্জে মসজিদের ভেতর নামাজরত ছোট ভাইকে খুন করলেন বড় ভাই









