এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০জুলাই) দেশের অন্যান্য বোর্ডের সঙ্গে একযোগে প্রকাশিত হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৫৭ শতাংশ। মোট ৭০ হাজার ৯১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বৃহস্পতিবার দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হলরুমে সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩ হাজার ১৩ জন, যার মধ্যে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৭০ হাজার ৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যার মাধ্যমে গড় পাসের হার ৬৮.৫৭ শতাংশ।
এ বছর সিলেটে এসএসসি পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। পাসের হার গত বছরের তুলনায় ৪.৭৮ শতাংশ কমেছে। সিলেট শিক্ষাবোর্ডে মোট ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা গত বছরের তুলনায় ১ হাজার ৮৫৭ জন কম।
এছাড়া, সিলেটে ৬০ হাজার ৪১৫ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে ৪১ হাজার ৪০৭ জন এবং ৪১ হাজার ৮০৪ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। মেয়েদের পাশের হার ছিল ৬৮.৫৪ শতাংশ এবং ছেলেদের পাশের হার ছিল ৬৮.৬২ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, “আমরা সার্বিক ফলাফলে সন্তুষ্ট হলেও যে বিষয়গুলোতে দুর্বলতা রয়েছে, সেগুলোর বিষয়ে ভবিষ্যতে উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “এ বছর সিলেটে মানবিক বিভাগে শিক্ষার্থীদের অকৃতকার্যের হার বেশি এবং গণিত ও ইংরেজিতে অনেক শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি, যার কারণে পাসের হার কমেছে। দুর্গম হাওরাঞ্চল ও গ্রামের অনেক প্রতিষ্ঠানে মানসম্পন্ন গণিত ও ইংরেজি শিক্ষকের অভাব রয়েছে, যা খারাপ ফলাফলের অন্যতম কারণ।”
উল্লেখ্য, গত বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৩.৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।
আরও পড়ুন:: বালাগঞ্জে কুশিয়ারা নদীতে নিখোঁজের ২দিন পর আহাদের লাশ উদ্ধার







