সিলেটের বিশ্বনাথে এক তরুণী ধর্ষণের অভিযোগে তার প্রেমিক রবিউল হক রায়হান (১৯)কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেল ২টায় তাকে সিলেট জেলা আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত শুক্রবার রাতে সিলেট শহরের কাজিটুলা এলাকা থেকে তাকে ও ভিকটিমকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন রাতে বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিমের মা।
মামলার এজাহার অনুযায়ী অভিযুক্ত রায়হান বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তার মূল বাড়ি সুনামগঞ্জের ছাতক থানার বাঁশখালা গ্রামে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ সদর ইউনিয়নের ইলিমপুর গ্রামে গৃহপরিচারক হিসেবে কাজ করতেন রায়হান। একই এলাকায় বাস করেন ভিকটিম। তারা পরস্পরের সঙ্গে গড়ে তোলে প্রেমের সম্পর্ক। ১৮ মে সন্ধ্যায় রায়হান প্রেমিকাকে নিয়ে চলে যান অজানার উদ্দেশ্যে।
ঘটনার ১২ দিন পর ৩০ মে রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয় এবং রায়হানকে থানায় হেফাজতে রাখা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রায়হানকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:: বিশ্বনাথে দিনদুপুরে অটোরিকশা চুরি, চোরকে ধরে পুলিশে দিলেন মালিক।





