গ্রিসের পশ্চিমাঞ্চলের ইলিয়া প্রদেশের নেয়া মানোলাদা এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বাংলাদেশি কৃষিশ্রমিকদের অর্ধশতাধিক অস্থায়ী ঘর, যা স্থানীয়ভাবে ‘পারাঙ্গা’ নামে পরিচিত। মঙ্গলবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় সাত শতাধিক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে তাদের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, নগদ অর্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পারাঙ্গাগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে অধিকাংশ ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনেকেই জানিয়েছেন, তারা বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছেন এবং জরুরি সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। জানা যায়, নেয়া মানোলাদা এলাকায় প্রায় ১০ হাজার বাংলাদেশি কৃষিশ্রমিক কর্মরত, যাদের অনেকেই স্ট্রবেরি খামারে কাজ করেন এবং অস্থায়ী ও অনিরাপদ পারাঙ্গায় বসবাস করেন।
এর আগেও ২০১৮ এবং ২০২১ সালে একই এলাকায় এমন অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের পারাঙ্গা ভস্মীভূত হয়েছিল।
ঘটনার পরপরই বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে।
এ ঘটনার মাধ্যমে আবারও নেয়া মানোলাদা এলাকায় বাংলাদেশি শ্রমিকদের ঝুঁকিপূর্ণ বসবাসের চিত্র সামনে এসেছে। সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি দাবি উঠেছে—শ্রমিকদের জন্য নিরাপদ ও মানবিক বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।
আরও পড়ুন:: যুক্তরাজ্যে অভিবাসন কমানোর ঘোষণা, প্রভাব পড়তে পারে প্রবাসপ্রত্যাশীদের।








