সিলেটের জকিগঞ্জে বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন হোসাইন আহমদ বাবলু (২৫) নামে এক যুবক। বিয়ের মাত্র দুই দিন আগে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আটগ্রাম মরইরতল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন বাবলু ও তার সঙ্গে থাকা কাওসার আহমদ নামে এক মোটরসাইকেল আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু।
নিহত বাবলু জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আগামী ৯ মে শুক্রবার ছিল বাবলুর বিয়ের দিন। কনে ছিলেন গোটারগ্রামের আব্দুল হালিমের মেয়ে মাহমুদা জান্নাত। ইতোমধ্যে আকদ সম্পন্ন হয়েছে, ছাপা হয়েছে বিয়ের কার্ড। বাড়িতে চলছিল সাজসজ্জা, অতিথি আপ্যায়নের প্রস্তুতি। নতুন বউ আসার আনন্দে পরিবারে বইছিল উৎসবের আমেজ। সেই আনন্দ নিমেষেই পরিণত হয় শোকে—প্রাণ গেল সদ্য বর সাজতে যাওয়া বাবলুর।
স্বজনরা জানান, যে গেট দিয়ে বর সাজিয়ে বিয়ের মিছিলে পাঠানোর কথা ছিল, সেই গেট দিয়েই ফিরবে বাবলুর নিথর দেহ। এ হৃদয়বিদারক ঘটনায় স্বজন ও এলাকাবাসী ভেঙে পড়েছেন কান্নায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুন:: সিলেটে আইনজীবী হত্যা মামলায় ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড।






