অবশেষে সিলেটের বিশ্বনাথে মানসিক ভারসাম্যহীন মায়ের গর্ভে জন্ম নেওয়া সেই কন্যাশিশুটিকে আশ্রয় মিলেছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ছোটমনি নিবাসে।
উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (৪ মে) বিকাল ৩টা ৪৫ মিনিটে শিশুটিকে সিলেটের বাগবাড়ি এলাকায় অবস্থিত ছোটমনি নিবাসে প্রেরণ করা হয়। এর আগে ১ মে বিশ্বনাথ বাজারের যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে কন্যাশিশুর জন্ম দেন। ঘটনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় মা ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
শিশুটিকে ছোটমনি নিবাসে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সভাপতি সুনন্দা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এবং উপজেলা শিশু কল্যান বোর্ডের সদস্য ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।
এ সময় শিশুটিকে নতুন জামা ও বিছানার সামগ্রী উপহার দেওয়া হয়। শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, শিশুটি জন্ম নেওয়ার পর থেকেই তার অভিভাবকত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর সক্রিয় ভূমিকা রাখে। প্রথমে একাধিক নিঃসন্তান দম্পতি শিশুটিকে দত্তক নেওয়ার আবেদন করলেও যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় তাকে ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেয় উপজেলা শিশু কল্যাণ বোর্ড।
আরও পড়ুন:: বিশ্বনাথে মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, বাবা হয়নি কেউ!





