‘মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে পৃথকভাবে র্যালি ও সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার (১ মে) সকালে এসব কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের নতুন বাজারস্থ প্রবাসী চত্বরের সামনে থেকে পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি শুরু হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে পরিণত হয়।
এদিকে, দুপুর ১২টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পৃথক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহিন আহমদ রাজু এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মজলিশে শূরার সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমির মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের আমির এইচ এম আক্তার ফারুক ও সেক্রেটারি জাহেদুর রহমান।
অন্যদিকে, উপজেলা শ্রমিক দলের সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কুতুব মিয়া। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক লিলু মিয়া।
দুইটি পৃথক সমাবেশেই বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সমাবেশে বিএনপি ও জামায়াতসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:: বিশ্বনাথে স্কুলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেপ্তার।





