সিলেটের সদর উপজেলায় খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে ছোট ভাইয়ের হাতে নিহত হয়েছেন আপন বড় ভাই। বুধবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মুজিবুর রহমান (৫৩)। তিনি ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবুর রহমান ও তার ছোট ভাই মুহিবুর রহমানের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। বুধবার দুপুরে ওই বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুহিবুর বড় ভাই মুজিবুরকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে মুজিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম বলেন, “দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। আজ দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই মুজিবুর নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
আরও পড়ুন:: ওসমানীনগরে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার।





