বিশ্বনাথে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরেজমিন তদন্ত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার তেলিকোনা গ্রামে এলাহাবাদ ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন’র বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ভূঁয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের আনিত অভিযোগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন তদন্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে অভিযোগের তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব।

গত ১২মার্চ সিলেট জেলা প্রশাসক বরাবর অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন’র বিরুদ্ধে অনিয়ম ও ভূঁয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ দেন একই মাদ্রাসার আজীবন সদস্য আব্দুস সবুর। পাশাপাশি তিনি দূর্নীতি দমন কমিশন দুদকেও আরেকটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ২৩ বছর ধরে এলাহাবাদ ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ হোসাইন। তিনি মাদ্রাসায় ছোটখাট কাজ করে ভূঁয়া ভাউচারের মাধ্যমে নিয়মিত অর্থ আত্মসাৎ, নিয়োগ ও বরখাস্তের মাধ্যমে বাণিজ্য, ব্যাংক হিসাব এবং খাতায় ব্যাপক গড়মিল করে আসছেন। তিনি মাদ্রাসার অধ্যক্ষ থাকাবস্থায় দীর্ঘ ২৩টি বছরেও প্রতিষ্ঠানের কোন প্রকার উন্নতি হয়নি। মাদ্রাসাটি একটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নেই বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা। এছাড়া অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি খাজাঞ্চী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে কর্মরত রয়েছেন। মাদ্রাসা থেকে প্রতিমাসে ৪৩হাজার টাকা বেতনের পাশাপাশি কাজীর দায়িত্ব পালন হিসেবে প্রতিবছর ৬থেকে ৭লক্ষ টাকা আয় করে থাকেন। কিন্তু আয়কর রিটার্নে তিনি কাজী হিসেবে যে আয় হয় তা গোপন করে আসছেন। এভাবে মাদ্রাসার দিকে নজর না দিয়ে তিনি তার আখের গোছাতেই ব্যস্ত সময় পার করছেন। তার এই দূর্নীতিতে মাদ্রাসার দুই একজন শিক্ষকও সহযোগীতা করে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সিলেট জেলা প্রশাসক বরাবর দায়েরকৃত অভিযোগটি সরেজমিনে তদন্ত করতে মঙ্গলবার বিকেলে মাদ্রাসায় যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমির কান্তি দেব।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪