বিশ্বনাথে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির (১৬ বছর বয়সী) এক মাদ্রাসা ছাত্রীকে পাশবিক নির্যাতন করে তিনমাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই ছাত্রী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত যুবক হোসাইন আহমদকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বুরাইয়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে ও পেশায় প্রাইভেট কার চালক। মামলা নং- ১৫, তাং- ০৯/১২/২০১৯ইং।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাশবিকতার শিকার হওয়া ওই ছাত্রী বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বাদীর ভাই সিএনজি চালিত অটোরিকশা চালক হওয়ায় তার সঙ্গে সুসর্ম্পক গড়ে উঠে অভিযুক্ত হোসাইন আহমদের। সেই সুবাদে প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করতো সে। একপর্যায়ে ওই ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে হোসাইনের। এরপর গত ৫ সেপ্টেম্বর রাতে ছাত্রীর বসতঘরে প্রবেশ করে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে হোসাইন। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীকে বিয়ে করার সম্মতি জানায় হোসাইন। কিন্তু পরবর্তিতে এনিয়ে টালবাহানা শুরু করে সে। বর্তমানে ভিকটিম ছাত্রী তিনমাসের অন্তঃসত্ত্বা বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলা দায়েরের ও অভিযুক্ত হোসাইনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, তাকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪