লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল বিশ্বনাথের যুবকের

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাজ্যের পূর্ব লন্ডন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি মসজিদের মাইকে মাছুম আহমদ গুলিতে নিহত হওয়ার খবর জানানো হয়। পরে তাঁর জানাজার সময় জানানো হবে বলে মসজিদের মাইকে ঘোষণা করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই মাছুম আহমদ যুক্তরাজ্যে বসবাস করছিলেন। এর মধ্যে কয়েকবার তিনি দেশে এসেছিলেন। তাঁর এক কন্যাসন্তান রয়েছে। তাঁর দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে পরিবার নিয়ে বসবাস করছেন।

নিহতের ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী মানিক মিয়া বলেন, স্থানীয় সময় রাত চারটার দিকে হঠাৎ পুলিশ তাঁদের বাসায় এসে দরজা বন্ধ করে দেয়। পরে দরজা খুলে দিলে পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। তিনি হ্যাঁ বলার পর পুলিশ মাছুমের ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মানিক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ তাঁর ভাইয়ের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

নিহতের বাবা আমির আলী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তাঁর ছোট ছেলে মারুফ আহমদ তাঁকে ফোন করে মাছুম আহমদ গুলিতে নিহত হওয়ার খবর জানান। তবে কী কারণে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

আমির আলী বলেন, মাছুমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪