কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন করা হয়েছে।
‘দক্ষতা অর্জন করুন, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় লামাকাজী পয়েন্টের জয়গুন নেছা কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে একাডেমিটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে একাডেমির কার্যক্রম ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বক্তব্য দেন লামাকাজী আইটি একাডেমি ও WebVives এজেন্সির প্রতিষ্ঠাতা মো. রাজিবুর রহমান।
আয়োজকেরা জানান, লামাকাজী আইটি একাডেমিতে প্র্যাকটিক্যালভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এখানে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ, আধুনিক ল্যাব ও প্র্যাকটিক্যাল ক্লাস, ক্যারিয়ার গাইডলাইন এবং ফ্রিল্যান্সিংয়ে সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি WebVives এজেন্সিতে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতার আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি ও মার্কেটপ্লেসে নয় বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া।
শিক্ষার্থী আজহারুল ইসলাম ছামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শাহনুর হোসাইন, মিসবাহুল হুদা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাকি, শিক্ষানুরাগী ফয়ছল আহমদ এবং লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষার্থী মো. জাকির হোসেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





