সিলেটের বিশ্বনাথ উপজেলায় তিনটি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে নতুন ঘর তুলে দিয়েছে সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ।
সোমবার (২৭ জুলাই) উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শেল্টার প্রজেক্টের ৫০৯, ৫১০ ও ৫২০ নম্বর ঘরের উদ্বোধন করা হয়। পরে উপকারভোগী তিন পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি বলেন, সিডস অব সাদাকাহর এ উদ্যোগ অসহায় মানুষের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করার পাশাপাশি তাদের সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের বিত্তবানদেরও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সালেহ আহমদ, সমাজসেবী মাওলানা আসাব উদ্দিন ও মাস্টার রেনু মিয়া।
এ সময় সামাজিক সংগঠক তাজুল ইসলাম, আক্কল আলী, বাবুল মিয়া, মুহিবুর রহমান, ওদুদ মিয়া, সাবাজ উদ্দিন, কবির মিয়া, ইমামুল হক, আশিক, আলিনুর, সুনু মিয়া, সাদিকুর রহমান, হাবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





