যুক্তরাজ্যের এসেক্সের কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এক শিশুকে উদ্ধার করতে গিয়ে ডুবে মারা গেছেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি ড. শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২) ও তাঁদের মেয়ে সামিহা রহমান (১৫)।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ড. শেখ মনসুর রহমান পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী সেলিনা রহমান পেশায় শিক্ষিকা ছিলেন।
নিহত সামিহার চাচা শেখ মঞ্জুর রহমান জানান, গ্রীষ্মকালীন ছুটি কাটাতে পরিবারের সদস্যদের নিয়ে ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে গিয়েছিলেন তাঁরা। একপর্যায়ে জোয়ারের প্রবল স্রোতে সামিহার সাত বছর বয়সী খালাতো ভাই ভেসে যায়। তাকে উদ্ধার করতে সেলিনা রহমান ও সামিহা পানিতে ঝাঁপ দেন। তবে প্রবল স্রোতে তাঁরা দুজনই তলিয়ে যান।
পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সাত বছর বয়সী শিশুটি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ড. শেখ মনসুর রহমানের পরিবারের শিকড় সিলেটে। সামিহার দাদা ছিলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়া। তাঁর নানা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমান মুজিব।







