ঢাকা–সিলেট রুটে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ঢাকা–সিলেট–ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুর অনুমোদন দিয়েছে সরকার। তবে প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ সংগ্রহের পরই নতুন এ ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে ঢাকা–সিলেট–ঢাকা রুটে নতুন এক জোড়া বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন। বর্তমানে রেলওয়েতে ইঞ্জিন ও কোচের সংকট থাকায় নতুন ট্রেনটি চালু করতে কিছুটা সময় লাগবে। প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহ করা হলে ট্রেনটি যাত্রীসেবা শুরু করবে।

তিনি জানান, ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের কাজ চলছে। পাশাপাশি রেলওয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের জন্য পৃথক একটি ডিপিপির অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে একই রুটে ব্রডগেজ ট্রেন চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা–সিলেট রেলপথ মিটারগেজ লাইনে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ রেলপথ ডুয়েলগেজ বা ব্রডগেজে উন্নীত করা হলে এবং প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন সংগ্রহ করা সম্ভব হলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে রেলওয়ের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আধুনিকায়নে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন রেলমন্ত্রী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪