সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে।
বুধবার (১ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ (২৮) ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেফতার হওয়া পারভেজ আহমদ (৩২) একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আলম আহমদ ও পারভেজ আহমদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে পারভেজ ধারালো ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় তার নানাবাড়ি থেকে অভিযুক্ত পারভেজ আহমদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।









