সিলেটের ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের সাম্প্রতিক বদলিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তার সঙ্গে কোনো মাজার-সংক্রান্ত ঘটনার সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, কিছু মহল ডিসির বদলিকে একটি মাজারে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। তবে একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটলেই তাদের মধ্যে সম্পর্ক রয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো সঠিক নয়।

তিনি আরও জানান, সরকারের আওতাধীন বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের সব ব্যাখ্যা সবসময় জনসমক্ষে তুলে ধরা হয় না। অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় গোপনীয়তা ও প্রশাসনিক প্রয়োজনীয়তাও বিবেচনায় থাকে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর বাইরে নতুন করে সরকারের বলার কিছু নেই।

উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন ইস্যুতে জনমনে নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি হওয়া স্বাভাবিক। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট পক্ষ সক্রিয় থাকে। তবে সরকারের অবস্থান পরিষ্কার—ডিসি সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজার-সংক্রান্ত কোনো বিষয় জড়িত নয়।

অন্যদিকে, মাজারে দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪