সিলেটে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম করল জামাই

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগর উপজেলায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আহত দুই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের বাসিন্দা রেশমা বেগম (৩০) এবং তার মা আজিরুন বেগম (৬৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আটক যুবক ছানু মিয়া (৩৫) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের বাসিন্দা এবং আহত রেশমা বেগমের স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে রেশমা বেগমের সঙ্গে ছানু মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের শুরুর দিকে সম্পর্ক স্বাভাবিক থাকলেও পরবর্তীতে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সম্পর্কের অবনতি হলে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। এরপর রেশমা তার সন্তান ও মাকে নিয়ে ওসমানীনগরের তাজপুর স্কুল রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

রোববার (৭ জুন) রাতে ছানু মিয়া তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে ওই বাসায় যান। সেখানে খাবার খাওয়ার সময় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছানু মিয়া ধারালো দা দিয়ে স্ত্রী রেশমা বেগম ও শাশুড়ি আজিরুন বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছানু মিয়াকে আটক করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূইয়া জানান, পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়ির ওপর হামলার একটি ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযুক্ত ছানু মিয়াকে আটক করা হয়। সোমবার (৮ জুন) তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪