সিলেটের ওসমানীনগরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে অপর একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৩১ মে) ভোরে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও হেলপার ইমন (২০)। সোহেলের বাড়ি নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামে। তিনি তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২) সিলেটমুখী হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই পথে ঢাকাগামী ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৪১) পেছন থেকে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই বাসচালক সোহেল নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হেলপার ইমনও পরে মারা যান।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








