সিলেট মহানগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকায় পরকীয়ার জের ধরে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হাবিল (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত জুয়েল (২৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ভেরা এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়ার সাকের কলোনিতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল ও হাবিলের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার সকালে পূর্ববিরোধের জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে হাবিল জুয়েলকে পাশের গোয়ালীছড়া খালে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত হাবিল দাবি করেন, তার স্ত্রীর সঙ্গে জুয়েলের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার বুঝানোর চেষ্টা করলেও কোনো ফল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন হাবিলকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








