সিলেটের বিশ্বনাথে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নাজিম উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজার গরুহাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন পৌরসভার জানাইয়া গ্রামের মোস্তাব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পৌরশহরের গরুহাটা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানকালে নাজিম উদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে, তার দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
আটকের পরপরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোষী সাব্যস্ত হওয়ায় নাজিম উদ্দিনকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কারাগারে প্রেরণ করা হবে।’





