বিশ্বনাথে ব্রাইট ফিউচার স্কুলে বাংলা নববর্ষ উদযাপন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

উৎসবমুখর পরিবেশে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ব্রাইট ফিউচার স্কুলের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। বাংলা ১৪৩৩ সনকে বরণ করে নিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) পৌর এলাকার মোরার বাজার সংলগ্ন স্কুল প্রাঙ্গণে বর্ষবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী সাজে সজ্জিত ক্যাম্পাসে সকাল থেকে দুপুর পর্যন্ত বিরাজ করে প্রাণবন্ত উৎসবের আমেজ। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুমিন খান মুন্না।

স্কুলের ডিরেক্টর ও প্রবাসী সাংবাদিক ফখরুল হোসাইন জনির সভাপতিত্বে এবং ডিরেক্টর নবীন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ ডেফোডিল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি কাওছার আহমদ বাপ্পী এবং সাবেক সভাপতি এমদাদ হোসেন নাঈম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাংবাদিক সাব্বির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা বিলাল আহমদ। স্বাগত বক্তব্য দেন স্কুলের ডিরেক্টর আনহার আলী। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪