বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে যা বলেন এমপি লুনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেট-২ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ, সেবার মান এবং শৃঙ্খলা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের জন্য সহনীয় ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশ দেন।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমপি চিকিৎসা সেবার মান উন্নয়ন, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং রোগীদের দুর্ভোগের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবাই আমার প্রধান দায়িত্ব। হাসপাতাল এমন একটি স্থান, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে অবহেলা বা বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। রোগীদের সেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিক হতে হবে। দালালচক্র ও অপ্রয়োজনীয় লোকজনের আনাগোনা বন্ধ করতে হবে, যাতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়।”

স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি আপনাদেরই মানুষ। হাসপাতালের সমস্যাগুলো লিখিতভাবে দিন, প্রয়োজন হলে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তবে একটি বিষয় পরিষ্কার—চাকরি করলে দায়িত্ব ঠিকমতো পালন করতেই হবে। কেউ অবহেলা করলে ছাড় দেওয়া হবে না, সে আমার পরিচিত হলেও নয়।”

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এখন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিষয়গুলো সরেজমিনে দেখেছেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, হাসপাতালের একটি বড় সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই। দ্রুত চালক নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অন্যান্য সমস্যাগুলো তালিকাভুক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এমপি আরও বলেন, স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মচারীর দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। তাদের সতর্ক করা হয়েছে এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও সেবার মান বজায় রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪