সিলেটের বিশ্বনাথে যানজট নিরসনে বাসিয়া সেতুর পাশে নতুন একটি সেতু নির্মাণের পরিকল্পনার রয়েছে বলে জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইকারীদের কোনো দল নেই। এসব অপরাধ সমাজের শান্তি নষ্ট করে। তাই অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বিশ্বনাথ থানা পুলিশকে আরও সক্রিয় হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, বিশ্বনাথের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। পৌর শহরের যানজট সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব শিগগিরই স্থানীয় বাসিয়া সেতুর পাশে নতুন আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। নতুন সেতুটি নির্মিত হলে পৌর শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং বিশ্বনাথ শহরকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সোবহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





