নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব : এমপি লুনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমি নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই প্রত্যাশা পূরণ করব। তবে, এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা ও আমার পাশে থাকা একান্ত প্রয়োজন।’

​বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​এমপি লুনা তাঁর বক্তব্যে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, ‘দিন বদলের শপথ নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড’ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।’

​আইন-শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, ‘দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনোভাবেই অন্যায় বরদাশত করা হবে না। বিশেষ করে সরকারি-বেসরকারি জায়গা বা দোকান দখল এবং চাঁদাবাজির সাথে যারা জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে শতভাগ সজাগ থাকতে হবে এবং জড়িতদের আইনের হাতে তুলে দিতে হবে।’

​গুমের শিকার এম ইলিয়াস আলীর কথা স্মরণ করে তিনি বলেন, ‘সিলেট-২ আসনবাসির ভালবাসা ও কৃতজ্ঞতার প্রতি সম্মান রেখে এবং ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব।’

​বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ​জেলা বিএনপির সহসভাপতি এম আছকির আলী, ​সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। আরও বক্তব্য রাখেন ​পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং শেষে মোনাজাত পরিচালনা করেন সমন্বয়ক মাওলানা মাহমুদ হোসেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪