বালাগঞ্জে তেলিখাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি এম এ মালিক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে ৩.৩ কিলোমিটার তেলিখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক। তিনি গতকাল বুধবার (৪ মার্চ) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়িত ‘সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় এ খাল পুনঃখনন করা হচ্ছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে সংসদ সদস্য এম এ মালিক বলেন, কৃষি উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে কার্যকর পানি ব্যবস্থাপনা। দীর্ঘদিন ধরে তেলিখালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এবার খাল পুনঃখননের মাধ্যমে হাজারো একর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং কৃষি উৎপাদনে নতুন গতি আসবে। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় ও বিএডিসির এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা মাঠপর্যায়ে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার পূরণ করছি। সিলেট-৩ আসনের প্রতিটি ইউনিয়নে কৃষি, সেচ ও অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলমান রয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, বিএডিসির প্রকল্প পরিচালক প্রণজিত কুমারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদুল হক সোহেল, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪