বিশ্বনাথে বিভিন্ন সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি লুনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে তিনটি নতুন সড়কের পাকাকরণকাজের উদ্বোধন করেন তিনি। পরে একই গ্রামের আরেকটি সড়কের চলমান পাকাকরণকাজ পরিদর্শন করেন এমপি।

এ সময় স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে গ্রামের সব সড়ক পর্যায়ক্রমে পাকাকরণের আওতায় আনার আশ্বাস দেন তাহসিনা রুশদীর লুনা।

এমপি লুনা বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা একটি এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। দীর্ঘদিন ধরে যেসব রাস্তা সংস্কার ও পাকাকরণের অপেক্ষায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। বিশ্বনাথ ও ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা পাকাকরণের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ সঠিকভাবে ও মানসম্মতভাবে সম্পন্ন হচ্ছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নজর রাখতে হবে। এলাকার মানুষের সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, বিএনপি নেতা সুরমান খান, কয়েছ শিকদার, আসাদুজ্জামান আসাদ ও আজমল খান, যুবদল নেতা নাজিম উদ্দিন ও ওয়াসিম উদ্দিন, ছাত্রদল নেতা জাকির হোসেন ইমন ও আব্দুল কাইয়ুমসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া শ্রীধরপুর গ্রামের বিপুলসংখ্যক মুরব্বি, যুবক ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪