দীর্ঘ ২৬ বছর শিক্ষকতা জীবন শেষে সিলেটের উদয়পুর ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা ফখরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৮ আগস্ট মাদরাসার কনফারেন্স হলে উদয়পুর গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সিংহভাগ অর্থায়ন ও আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উদয়পুর গ্রামের প্রবাসীরা। প্রবাসে থেকেও নিজ এলাকার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষককে সম্মান জানাতে তাঁদের এই উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মাওলানা বদরুল ইসলাম ও হাবিবুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মো. ফখরুদ্দীন আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ক্বারী মাওলানা ফখরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ২৬ বছর আমি এই মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করেছি। গ্রামের সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে আমাদের প্রবাসী ছাত্রদের ভালোবাসা আমাকে চিরঋণী করেছে। সুদূর পরবাসে থেকেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মূল্যায়নে তাঁদের এই এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ বলেন, ‘মাওলানা ফখরুল ইসলাম একজন একনিষ্ঠ শিক্ষক। দীর্ঘ ২৬ বছর দ্বীনি শিক্ষার খেদমতে তাঁর অবদান অনস্বীকার্য। পাশাপাশি আজ আমি আমাদের প্রবাসী ভাইদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তাঁদের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় আজকের এই আয়োজন সম্ভব হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুবাইপ্রবাসী ফটিক মিয়া, সুহেল মিয়া ও আনোয়ার হুসেন। প্রবাসীদের পক্ষে তাঁরা বলেন, ‘আমাদের গ্রামের শিক্ষার ভিত্তি গড়ে দিয়েছেন শ্রদ্ধেয় ফখরুল ইসলাম হুজুর। প্রবাসে থাকলেও হুজুরের অবদানের কথা আমরা কখনো ভুলিনি। গুণী মানুষের সম্মান জানাতে পেরে আমরা প্রবাসী সমাজ নিজেদের ধন্য মনে করছি।’
বিদায়ী শিক্ষকের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ ও শুভকামনা জানিয়ে বক্তব্য দেন উদয়পুর দারুল আরকাম মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা শাহীন ইসলাম, উদয়পুর জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান, প্রবীণ মুরব্বি ও সাবেক মেম্বার মাসুক মিয়া, আকিকুর রহমান ছুরক মিয়া, হারুন মিয়া, আব্দুল ওয়াদুদ, ছিদ্দিকুর রহমান, আমির হুসেন ছমির এবং সংবর্ধিত হুজুরের ছেলে কামরুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজ আলী, আব্দুস সালাম খাঁন, আব্দুল কুদ্দুস, আব্দুস শহিদ, ক্বারী আব্দুল্লাহ, ওয়াজিব উল্লাহ, গোলাম আকবর খুকন, ইরন খাঁন, আব্দুর রহিম, ইসমত আলী, শাহ আলম চৌধুরী, মাওলানা আলী আহমদ আব্দুল হামিদ, আবু ছালেহ, হাফিজুর রহমান, আবুল লেইছসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
অনুষ্ঠান শেষে প্রবাসী ও গ্রামবাসীর পক্ষ থেকে ক্বারী মাওলানা ফখরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





