সিলেট নগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুরাদ আহমদ (৫২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি নগরের ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে নগরের মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতারসংলগ্ন কিউসেট মসজিদের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ আহমদের বাসা নগরের মুন্সিপাড়ায়। তিনি বিদ্যালয় থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাস্তা পার হওয়ার সময় বন্দরবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অটোরিকশাচালক গাড়িসহ পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শিক্ষকের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।







