কাতারে নিহত সিলেটের ৫ প্রবাসীকে শেষ বিদায়, জানাজায় জনস্রোত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী, যারা কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, তাদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ২টায় স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে একসঙ্গে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।

একসঙ্গে পাঁচ প্রবাসীর জানাজায় অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ উপস্থিত হন। প্রবাসীদের অকাল মৃত্যুতে পুরো কানাইঘাটজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন— ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ।

এর আগে মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাঁচজনের কফিনবন্দী মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন।

পরে পাঁচটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ভিড় করেন এলাকাবাসী।

উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪