সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় পুলিশের পোশাক পরে একটি প্রবাসী পরিবারের গাড়ি থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কালাকাটি এলাকায় আন্তঃউপজেলা সড়কে এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতচক্র।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার তথ্য ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা রাগিব জিসান মান্না তার যুক্তরাষ্ট্রপ্রবাসী কয়েকজন স্বজনকে নিয়ে সিলেট শহরে ঘুরতে ও কেনাকাটা করতে যান। রাত প্রায় ১২টার দিকে তারা একটি নোহা মাইক্রোবাসে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের কালাকাটি এলাকায় পৌঁছালে ৫ থেকে ৭ জনের একটি দল লেজার লাইটের মাধ্যমে তাদের গাড়িকে থামার সংকেত দেয়। পুলিশের পোশাক পরিহিত কয়েকজনকে দেখে চালক গাড়ি থামালে তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়িতে তল্লাশির কথা বলে।
রাগিব জিসান মান্না গাড়ি থেকে নেমে সহযোগিতা করার চেষ্টা করলে পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়। এ সময় পেছনে আরেকটি গাড়ি এসে থামে। সেটি তল্লাশির পর ছেড়ে দিলেও কিছুক্ষণ পর অস্ত্রধারী ডাকাতরা মান্না ও তার পরিবারের সদস্যদের ওপর হামলে পড়ে।
ডাকাতরা প্রথমে মান্নাকে মারধর করে তার মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে গাড়িতে থাকা নারী সদস্যদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। পুরো ঘটনায় পরিবারটির প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীরা ভাটেরা বাজারে পৌঁছে স্থানীয়দের বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, ডাকাতির ঘটনায় রাগিব জিসান মান্না বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।








