শাহজালাল মাজারে দানে জমা ১৭ লাখ টাকা, পাওয়া গেল স্বর্ণও

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার-এর ডেকচি ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থাপিত দানবাক্সে সাড়ে চার দিনে ১৭ লাখ ৬৫ হাজার টাকার বেশি দান জমা হয়েছে। এর সঙ্গে পাওয়া গেছে ৭ আনা পরিমাণ স্বর্ণও।

সোমবার (২২ জুন) সারাদিন ধরে ডেকচি ও দানবাক্সে জমা হওয়া অর্থ গণনা শেষে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।

জানা যায়, দান কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে গত বৃহস্পতিবার মাজারের প্রচলিত ডেকচিগুলো সিলগালা করে জেলা প্রশাসন। একই সঙ্গে মাজার প্রাঙ্গণে প্রশাসনের পক্ষ থেকে ৯টি দানবাক্স স্থাপন করা হয়। পাঁচ দিনের মাথায় সোমবার জোহরের নামাজের পর সিলেটের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে ডেকচিগুলো খুলে দেন।

পরে প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দীর্ঘ সময় ধরে অর্থ গণনা করা হয়। গণনা শেষে দেখা যায়, ভক্ত-অনুরাগীরা ডেকচি ও দানবাক্সে মোট ১৭ লাখ ৬৫ হাজার টাকা দান করেছেন। এছাড়া দানের মধ্যে ৭ আনা পরিমাণ স্বর্ণও পাওয়া যায়।

এদিকে অর্থের পাশাপাশি ডেকচির ভেতর থেকে একটি চিঠিও উদ্ধার করা হয়েছে। ওই চিঠিতে মাজারের দান কার্যক্রমে স্বচ্ছতা আনতে জেলা প্রশাসনের নেওয়া উদ্যোগের প্রশংসা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪