সিলেটের বিশ্বনাথ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বন্ধুর কুড়ালের আঘাতে শাহ আলম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম খাজাঞ্চী ইউনিয়নের ছিফত আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে কুড়ালসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান ও শাহ আলমের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। ঘটনার সময় শাহ আলম মিজানুরের বাড়িতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মিজানুর তাকে বাড়ির সামনের রাস্তায় নিয়ে কুড়াল দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।
ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রের ধারণা, অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।





