এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ব্যক্তিগতভাবে কেউ অনলাইন ক্লাস না চাইলেও বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল ব্যবস্থার দিকে এগোতেই হবে।
বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এ মতবিনিময় সভা শেষে তিনি বলেন, “আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। তাই সময়ের চাহিদা অনুযায়ী আমাদের ডিজিটালাইজেশনের দিকে যেতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।”
শিক্ষামন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট তেল সংকটের প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থায়। এ কারণে স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন মিলিয়ে পাঠদান চালু রাখা হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। প্রায় ৭০০ থেকে ৮০০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আলোচনায় অংশ নেওয়া কেউই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি। তবুও বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বিকল্প নেই।
এ সময় শিক্ষামন্ত্রী কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার কথা জানান। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া দেশের স্কুল-কলেজগুলোতে সোলার এনার্জি ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।









